টানা দুইদিন সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস

সিলেট, ২২ মার্চ – টানা দুই দিন সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিসের তথ্যমতে লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ এবং এর আশপাশের এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজমান। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বিদ্যুৎ চমকানো এবং বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।
দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রবিবার ২২ মার্চ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি রাজশাহী ঢাকা খুলনা এবং বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়েও কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এই দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
২৩ মার্চ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া বার্তায় জানানো হয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ২৪ মার্চ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।
দেশের অন্যান্য স্থানের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সবশেষ ২৫ মার্চ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে রংপুর ঢাকা ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এস এম/ ২২ মার্চ ২০২৬









