জাতীয়

রমজানে দ্রব্যের দাম বাড়েনি, মানুষের মনে স্বস্তি এসেছে: স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদী, ২১ মার্চ – এবারের রমজান মাসে কোনো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়েনি উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, সাধারণ মানুষ কোনো কষ্ট অনুভব করেনি। দেশবাসীকে একটি শান্তিপূর্ণ ঈদ উপহার দিতে পেরে সরকার সফল হয়েছে এবং মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। ভবিষ্যতেও এভাবেই জনকল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। শনিবার সকাল ১০টায় নরসিংদীর মনোহরদী উপজেলার ঐতিহ্যবাহী পীরপুর ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নরসিংদীর বিভিন্ন ঈদগাহ মাঠে ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। সকাল থেকেই সব বয়সী মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদগাহ ময়দানে জড়ো হন। পীরপুর ঈদগাহে ঈদের নামাজের ইমামতি করেন মুফতি আবু বক্কর সিদ্দিকী।

নামাজ শেষে স্বাস্থ্যমন্ত্রী সকলকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি আরও বলেন, ইতোমধ্যে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নানা কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বাস্থ্যখাতের যেকোনো সমস্যা দ্রুত সমাধানের প্রস্তুতিও সরকারের রয়েছে।

এর আগে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী ১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। পলাশে ঈদের নামাজ আদায় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী ২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান। শিবপুরে নামাজ আদায় করেন নরসিংদী ৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী।

এসব জামাতে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এদিকে নরসিংদী জেলার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় গাবতলী ঈদগাহ ময়দানে। এছাড়া নরসিংদী জেলা কালেক্টরেট ঈদগাহ মাঠেও ঈদের বিশাল জামাত অনুষ্ঠিত হয়েছে।

এনএন/ ২১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language