সড়ক দুর্ঘটনা

পটিয়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে নিহত ১, আহত অন্তত ২৫

পটিয়া, ২১ মার্চ – পটিয়ায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মোহাম্মদ কাশেম নামের ৩৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাসের পাইকপাড়া পয়েন্টে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের বাসটি পটিয়া বাইপাস এলাকায় পৌঁছালে হঠাৎ এক পথচারী সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এরপর বাসটি সড়ক বিভাজকের ওপর উঠে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই কাশেম নামের ওই যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

তারা বাসের ভেতর আটকে পড়া আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা চারজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের তালিকায় রয়েছেন আবুল কাসেম, আবু হানিফ, সিরাজুল হক, সাত মাস বয়সী শিশু মহিসোনা, প্রান্ত শীল, দহান, আদিত্য বিশ্বাস, মিনাক্ষী, জান্নাতুল ফেরদৌস, তাসপিয়া, আবদুর রহিম, ইব্রাহিম, প্রবীর শীল, শারমিন সুলতানা, সুলতানা রাজিয়া, আক্তার বেগম, ওয়াজিদা, সোবাইকা জান্নাত এবং ইউনুচসহ আরও কয়েকজন।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি রাস্তা থেকে সরানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

এ এম/ ২১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language