জাতীয়

দেশজুড়ে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে, প্রস্তুত জাতীয় ঈদগাহ

ঢাকা, ২১ মার্চ – এক মাসের সিয়াম সাধনা ও ইবাদত বন্দেগির পর আজ শনিবার দেশজুড়ে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে ঈদের নামাজ আদায়ের জন্য রাজধানীসহ সারা দেশের লাখ লাখ মুসল্লি প্রস্তুতি নিচ্ছেন। বৈরী আবহাওয়ার শঙ্কা থাকলেও জাতীয় ঈদগাহসহ দেশের প্রতিটি বড় ময়দান এবং মসজিদে জামাতের সব আয়োজন সম্পন্ন হয়েছে।

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে বা অনিবার্য কোনো কারণে তা সম্ভব না হলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

জাতীয় ঈদগাহে প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে দেশবাসীর সঙ্গে ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম জানান, জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে, যেখানে নারীদের জন্যও পৃথক ওজু ও নামাজের ব্যবস্থা রয়েছে।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার নিশ্চিত করেছেন, ঈদ জামাতকে কেন্দ্র করে কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা শঙ্কা নেই। তবুও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে সিসিটিভি ক্যামেরা, মেটাল ডিটেক্টর, আর্চওয়ে এবং ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় কেন্দ্রীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রতি বছরের মতো এবারও সকাল ৭টা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদেও পৃথক ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।

ঈদ উপলক্ষ্যে টানা সরকারি ছুটি চলছে। সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। দেশের সব হাসপাতাল, কারাগার ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হচ্ছে। সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দ দিতে ঢাকা শহরের বিভিন্ন শিশু পার্ক এবং দর্শনীয় স্থানে বিনা টিকিটে প্রবেশের বিশেষ ব্যবস্থা করেছে সিটি কর্পোরেশন।

এনএন/ ২১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language