জাতীয়

ঈদে বঙ্গভবনে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ঢাকা, ২০ মার্চ – পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গভবনে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার স্ত্রী রেবেকা সুলতানা। শনিবার মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।

বঙ্গভবনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, রাষ্ট্রপতি সকাল ৮টা ৩০ মিনিটে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এরপর বেলা ১১টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীর উদ্দেশে ঈদের শুভেচ্ছা বার্তা দেবেন।

রাষ্ট্রপতি এ সময় বিশিষ্ট ব্যক্তি, জ্যেষ্ঠ রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বিভিন্ন পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

এ আয়োজনের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা জানান, ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গভবনে প্রায় ৮ হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের জন্য ঐতিহ্যবাহী নানা খাবারের ব্যবস্থা রাখা হবে।

অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি বঙ্গভবনে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন।

এনএন/ ২০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language