মক্কার মসজিদুল হারামে অত্যাধুনিক অডিও সিস্টেম চালু করল সৌদি আরব

মক্কা, ১৯ মার্চ – পবিত্র মক্কা শরিফের মসজিদুল হারামে আসা মুসল্লিদের ইবাদতকে আরও স্বাচ্ছন্দ্যময় করার লক্ষ্যে অত্যাধুনিক অডিও সিস্টেম বা শব্দব্যবস্থা চালু করেছে সৌদি আরব। বুধবার জেনারেল অথরিটি ফর দ্য কেয়ার অব দ্য অ্যাফেয়ার্স অব দ্য গ্র্যান্ড মস্ক অ্যান্ড দ্য প্রফেটস মস্ক এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র কাবা শরিফের চারপাশের এলাকাগুলোতে আজান, নামাজ এবং জুমার খুতবার আওয়াজ আরও স্পষ্টভাবে পৌঁছে দেওয়ার জন্য এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
নতুন এই প্রকল্পের আওতায় পবিত্র হারাম শরিফের আশপাশের রাস্তাগুলোতে কৌশলগতভাবে ২৬০টিরও বেশি উচ্চক্ষমতাসম্পন্ন স্পিকার স্থাপন করা হয়েছে। এই অত্যাধুনিক প্রযুক্তির প্রধান বিশেষত্ব হলো এটি প্রাঙ্গণ, হাঁটার পথ এবং সংলগ্ন ভবনগুলোতে কোনো ধরনের বিলম্ব ছাড়াই নিখুঁতভাবে শব্দ পৌঁছে দিতে সক্ষম। সম্পূর্ণ ব্যবস্থাটি প্রায় আট কিলোমিটার দীর্ঘ কেবল এবং ফাইবার অপটিক নেটওয়ার্কের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সারাবছর পবিত্র মক্কায় আগত লাখো মুসল্লির ভিড় ও সার্বিক পরিবেশের কথা বিবেচনা করে বিশ্বমানের প্রকৌশল মানদণ্ড মেনে এই নতুন অডিও অবকাঠামো সাজানো হয়েছে। এর ফলে এখন থেকে মুসল্লিরা আরও প্রশান্তির সঙ্গে তাদের ইবাদত পালন করতে পারবেন।
এস এম/ ১৯ মার্চ ২০২৬









