ঈদের দিন ঢাকাসহ সারা দেশে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

ঢাকা, ১৯ মার্চ – বাংলাদেশে আগামী ২১ মার্চ শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা রয়েছে। তবে ঈদের দিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সকাল ও সন্ধ্যায় শক্তিশালী কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এই তথ্য জানান।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি উল্লেখ করেন, শনিবার ঈদের দিন সারা দেশের ওপর দিয়ে দুই দফায় শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। সকালে একবার এবং সন্ধ্যার পর আরেকবার এই ঝড় আঘাত হানতে পারে। ঢাকা শহরেও কালবৈশাখী ঝড়ের সতর্কতা দেওয়া হয়েছে। মোস্তফা কামাল পলাশের বিশ্লেষণ অনুযায়ী, ঈদের আগের দিন মধ্যরাতের পর ভারতের বিহার ও পশ্চিমবঙ্গ রাজ্যে এই ঝড়ের সৃষ্টি হবে।
এরপর তা বাংলাদেশের রাজশাহী ও রংপুর বিভাগ দিয়ে প্রবেশ করে উত্তর-পশ্চিম দিক থেকে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হবে। পরবর্তীতে ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে ঝড়টি বাংলাদেশ অতিক্রম করবে। তিনি আরও জানান, রাত ১২টার পর থেকে সকাল ৬টার মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগে ঝড় আঘাত হানতে পারে।
সকাল ৬টা থেকে ১০টার মধ্যে ময়মনসিংহ ও ঢাকা বিভাগে এবং সকাল ১০টা থেকে দুপুর ৩টার মধ্যে সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ঝড়ের প্রভাব দেখা যেতে পারে। ঈদের দিন সকাল ৭টা থেকে ১০টার মধ্যে ঢাকা শহরের ওপর দিয়ে এই ঝড় বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে ঠিক কোন সময়ে কালবৈশাখী ঝড়টি ঢাকাকে অতিক্রম করবে, তা নির্দিষ্ট করে বলা কঠিন।
ঈদের আগের এবং পরের দিনও দেশজুড়ে ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির শঙ্কা রয়েছে। অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের আগামী পাঁচ দিনের পূর্বাভাসেও দেশজুড়ে বৃষ্টির কথা বলা হয়েছে। প্রথম তিন দিন বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হতে পারে। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
শনিবার ঈদের দিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। রবিবার এবং সোমবারও দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য পরিবর্তিত হতে পারে।
এ এম/ ১৯ মার্চ ২০২৬









