মধ্যপ্রাচ্য

কাতার ও সৌদির তেল-গ্যাস স্থাপনায় ইরানের হামলা, তেলের বাজারে অস্থিরতা

তেহরান, ১৯ মার্চ – ইরানের দক্ষিণ পারস গ্যাসক্ষেত্রে হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাস স্থাপনায় প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইরান। এর অংশ হিসেবে দেশটি কাতার ও সৌদি আরবের বিভিন্ন জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

বুধবারের এই ঘটনার পর ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। এর প্রত্যক্ষ প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে এবং তেলের দাম দ্রুত বাড়তে শুরু করেছে।

বুধবার বিকালে কাতারের রাস লাফান জ্বালানি শিল্প এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছে কাতারের রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান কাতারএনার্জি।

অন্যদিকে সৌদি আরব জানিয়েছে যে তারা রাজধানী রিয়াদের দিকে ধেয়ে আসা চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশে থাকতেই ধ্বংস করেছে। এছাড়া দেশটির পূর্বাঞ্চলের একটি গ্যাস স্থাপনায় ড্রোন হামলার চেষ্টাও প্রতিহত করা হয়েছে।

বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র দক্ষিণ পারস পারস্য উপসাগর জুড়ে অবস্থিত যা ইরান ও কাতার যৌথভাবে নিয়ন্ত্রণ করে। এই গ্যাসক্ষেত্রে হামলার ঘটনাকে বিপজ্জনক আখ্যা দিয়ে ইসরায়েলের কড়া সমালোচনা করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে রাস লাফানে হামলার জন্য ইরানের নিন্দা জানিয়ে দোহা একে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে। এর তীব্র প্রতিবাদ স্বরূপ কাতার সরকার ইরানের দুই জ্যেষ্ঠ কূটনীতিককে বহিষ্কার করেছে।

এদিকে চলমান এই যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের মধ্যে গভীর উদ্বেগ ও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এনএন/ ১৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language