এশিয়া

ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে হামলার ঘটনায় রাশিয়ার তীব্র নিন্দা

তেহরান, ১৯ মার্চ – ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সংঘটিত ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেছে রাশিয়া। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ নিশ্চিত করেছে যে, কেন্দ্রটিতে একটি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, এই হামলায় বিদ্যুৎ কেন্দ্রের কোনো বাহ্যিক ক্ষতি হয়নি এবং কেউ হতাহতের শিকার হননি। তবে তারা উদ্বেগ প্রকাশ করে সতর্ক করেছে যে, এ ধরনের হামলা মারাত্মক তেজস্ক্রিয় দূষণের ঝুঁকি তৈরি করতে পারে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা একটি সংবাদ সম্মেলনে বলেন, বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে এবং সক্রিয় চুল্লির মাত্র কয়েক মিটার দূরে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য হামলার তারা তীব্র নিন্দা জানাচ্ছেন। তিনি আরও উল্লেখ করেন যে, এই বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রুশ নাগরিকদের নিরাপত্তার বিষয়ে রাশিয়া পূর্বেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে সতর্ক করেছিল।

এস এম/ ১৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language