জাতীয়

টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার এলাকাজুড়ে ধীরগতিতে চলছে যানবাহন

ঢাকা, ১৯ মার্চ – ঈদযাত্রার তৃতীয় দিনে ঢাকা থেকে টাঙ্গাইল হয়ে যমুনা সেতুগামী মহাসড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়েছে। অতিরিক্ত গাড়ির চাপের কারণে যমুনা সেতুর পূর্ব পাশ থেকে শুরু করে রাবনা বাইপাস পর্যন্ত প্রায় বিশ কিলোমিটার এলাকাজুড়ে ধীরগতিতে চলছে সব ধরনের যানবাহন। সকালের দিকে মহাসড়কের কয়েকটি স্থানে থেমে থেমে যানজটের সৃষ্টি হলেও বর্তমানে ধীরগতিতে যান চলাচল অব্যাহত রয়েছে। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং মহাসড়কে ভোগান্তি কমাতে পুলিশ প্রশাসন, র‍্যাব এবং সেনাবাহিনী মাঠে টহল দিচ্ছে।

বৃহস্পতিবার ভোর থেকেই মহাসড়কে যানবাহনের আধিক্য দেখা যায়। উত্তরবঙ্গের দিকে যাওয়া বিভিন্ন গাড়ির চালক ও যাত্রীরা জানিয়েছেন, তারা গত রাতে ঢাকা থেকে রওনা হয়ে টাঙ্গাইল পৌঁছাতে সাত থেকে আট ঘণ্টা সময় পার করেছেন। তারা কখন নাগাদ নিজ গন্তব্যে পৌঁছাবেন তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তবে মহাসড়কে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকায় বর্তমানে কোথাও বড় ধরনের কোনো যানজট নেই। শুধু মহাসড়কের আশেকপুর, করটিয়া ও পাকুল্লা অংশে গাড়ির ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে।

এস এম/ ১৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language