মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের ৪ গুপ্তচরকে গ্রেপ্তার ও রাজতন্ত্রপন্থী নেটওয়ার্ক ধ্বংসের দাবি ইরানের

তেহরান, ১৮ মার্চ – ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় দাবি করেছে যে তারা যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করা চারজন গুপ্তচরকে গ্রেপ্তার করেছে এবং রাজতন্ত্রপন্থী বিরোধী গোষ্ঠীর একাধিক নেটওয়ার্ক ধ্বংস করে দিয়েছে।

দেশটির তাসনিম বার্তা সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে যে দেশব্যাপী এক বিশেষ নিরাপত্তা অভিযান পরিচালনা করে এসব রাজতন্ত্রপন্থী গোষ্ঠী শনাক্ত করা হয়।

গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে যে রাতভর চলা এই অভিযানে ২৬টি প্রদেশ থেকে মোট ১১১ জনকে চিহ্নিত করে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

এছাড়া হামেদান ও পশ্চিম আজারবাইজান প্রদেশ থেকে যুক্তরাষ্ট্র এবং তাদের সহযোগী সংস্থার হয়ে কাজ করার অভিযোগে ওই চারজন গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়।

এক বিবৃতিতে জানানো হয়েছে যে গ্রেপ্তারকৃত গুপ্তচররা নিরাপত্তা বাহিনীর সদর দপ্তর, বিভিন্ন সরঞ্জাম এবং সেনা মোতায়েন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য শত্রুপক্ষের কাছে পাচার করছিল।

এ এম/ ১৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language