ভারতীয় জাহাজের নিরাপত্তার শর্তে জব্দ তিন ট্যাংকার ফেরত চাইল ইরান

তেহরান, ১৭ মার্চ – হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী ভারতীয় জাহাজের নিরাপত্তার শর্ত হিসেবে ভারতের কাছে জব্দ তিনটি ট্যাংকার ফেরত চেয়েছে ইরান। এর পাশাপাশি নয়াদিল্লির কাছে জরুরি ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামও দাবি করেছেন ইরানি রাষ্ট্রদূত। সম্প্রতি নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এই দাবি জানান। বিগত সময়ে অ্যাসফেল্ট স্টার, আল জাফজিয়া এবং স্টেলার রুবি নামের ইরান সংশ্লিষ্ট তিনটি জাহাজ জব্দ করে ভারত। এর মধ্যে স্টেলার রুবির মালিক ইরান। বাকি দুটি জাহাজ আল জাফজিয়া এবং অ্যাসফল্ট স্টার যথাক্রমে মালি এবং নিকারাগুয়ার পতাকাবাহী।
বিধিবহির্ভূতভাবে জ্বালানি তেল পাচারের অভিযোগে গত ফেব্রুয়ারি মাসে আরব সাগরের ভারতীয় সীমানায় এই তিন ট্যাংকার জব্দ করেছিল ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ড। বর্তমানে জাহাজগুলো ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইয়ের বন্দরে নোঙর করা আছে। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এই তথ্য জানিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, নয়াদিল্লির ইরানি দূতাবাস এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স। তবে সংশ্লিষ্ট কোনো দফতরই মন্তব্য করতে রাজি হয়নি। আরব সাগর এবং পারস্য উপসাগরকে যুক্ত করা হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট।
প্রতিদিন বিশ্বে যত জ্বালানি তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে তার প্রায় ২০ শতাংশ এই রুট ব্যবহার করে। মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো এই পথ ব্যবহার করেই তাদের তেল রফতানি করে থাকে। তাই এই প্রণালিকে জ্বালানির বৈশ্বিক দরজাও বলা হয়। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে কেন্দ্র করে উত্তেজনা চলছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ জারি করেছে ইরান। এই পথে চলাচলের সময় বেশ কিছু দেশের পতাকাবাহী ট্যাংকার হামলার শিকার হয়েছে। তবে এখন পর্যন্ত হরমুজে কোনো ভারতীয় ট্যাংকারে হামলা হয়নি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নির্দেশ দিয়েছেন যাতে হরমুজ প্রণালিতে চলাচলকারী কোনো ভারতীয় জাহাজে হামলা না হয়। ভারতকে কেন এই বিশেষ ছাড় দেওয়া হলো সে বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়ম জয়শঙ্করের কাছে জানতে চেয়েছিল ফিন্যান্সিয়াল টাইমস। এর জবাবে তিনি জানিয়েছেন যে এখানে কোনো গোপন বিষয় নেই এবং দুই দেশের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতেই এটি সম্ভব হয়েছে। জানা গেছে এখন পর্যন্ত হরমুজ প্রণালিতে ভারতের চারটি জ্বালানিবাহী ট্যাংকার জাহাজকে নিরাপদ চলাচলের সুবিধা দিয়েছে ইরান।
এস এম/ ১৭ মার্চ ২০২৬









