ঈদের ছুটিতেও শিল্পাঞ্চল ও বন্দর এলাকায় ব্যাংক খোলা থাকবে

ঢাকা, ১৭ মার্চ – পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটির মধ্যেও দেশের অর্থনীতি ও বৈদেশিক বাণিজ্য সচল রাখতে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশের বিভিন্ন সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় আজ থেকে এই বিশেষ ব্যাংকিং সেবা চালু থাকছে। বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট গতকাল এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ঈদের দিন ব্যতীত ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত প্রয়োজন অনুযায়ী বন্দর এলাকায় ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ খোলা রাখতে হবে।
এসব এলাকায় গ্রাহকদের সঙ্গে লেনদেনের সময়সূচি সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজেদের ব্যবস্থাপনায় নির্ধারণ করবে। অন্যদিকে দেশের প্রধান পোশাকশিল্পঘন এলাকাগুলোর জন্য বিশেষ সময়সূচি ঘোষণা করা হয়েছে। সাভার, গাজীপুর, টঙ্গী, আশুলিয়া, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম এলাকায় আগামী ১৮ ও ১৯ মার্চ ব্যাংক খোলা থাকবে। এই দুই দিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাংকের দাপ্তরিক কার্যক্রম চলবে এবং গ্রাহকরা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন করতে পারবেন। মাঝে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য সাময়িক বিরতি থাকবে। এছাড়া ১৭ মার্চ এবং ২০ থেকে ২৩ মার্চ পর্যন্ত এসব এলাকার লেনদেনের সময় সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজেরাই নির্ধারণ করবে। তবে আগামী ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হলে ওইদিন দেশের সকল ব্যাংক সম্পূর্ণ বন্ধ থাকবে।
এস এম/ ১৭ মার্চ ২০২৬









