জাতীয়

যমুনা সেতুতে যানবাহনের চাপ, ২৪ ঘণ্টায় পার হয়েছে ৩৫ হাজারেরও বেশি গাড়ি

ঢাকা, ১৭ মার্চ – আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। এতে ঢাকা থেকে টাঙ্গাইল হয়ে যমুনা সেতু অভিমুখী মহাসড়কে যানবাহনের চাপ ক্রমশ বাড়ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু পার হয়েছে ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন। যানবাহনের এই বাড়তি চাপ এবং এলেঙ্গা পয়েন্টে চলমান নির্মাণকাজের কারণে মহাসড়কের কয়েকটি স্থানে কিছুটা ধীরগতি লক্ষ্য করা গেছে।

তবে এখন পর্যন্ত মহাসড়কের কোথাও কোনো বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি। ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানিয়েছেন মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন করতে রাতদিন ২৪ ঘণ্টা পালাক্রমে আট শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। উত্তরের পথে যাত্রীরা এবার স্বস্তিতেই নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এস এম/ ১৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language