ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জেরে দুবাই বিমানবন্দর সাময়িক বন্ধ

আবুধাবি, ১৬ মার্চ – নিরাপত্তাজনিত কারণে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার ভোরে বিমানবন্দরের কাছাকাছি একটি জ্বালানি ট্যাংকে ড্রোনের আঘাতে আগুন ধরে যাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরোধী ব্যবস্থা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা মোকাবিলার কাজ করছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সব যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আকাশে যেসব শব্দ শোনা যাচ্ছে তা মূলত আকাশ প্রতিরোধী ব্যবস্থার মাধ্যমে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকানোর আওয়াজ। দুবাই বিমানবন্দরে আটকে পড়া এক যাত্রী জানান, প্রায় ৪০ মিনিট বিমানের ভেতরে অপেক্ষা করার পর পাইলট ঘোষণা দেন যে নিরাপত্তার কারণে আকাশপথ বন্ধ রয়েছে।
যাত্রীদের মধ্যে আতঙ্ক এড়াতে বিস্তারিত কিছু জানানো হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে বেশ কিছু ফ্লাইট আল মাখতুম আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
এমিরেটস এয়ারলাইন্স জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টার পর সীমিত আকারে তাদের সেবা পুনরায় চালু হবে। তবে এরই মধ্যে অসংখ্য ফ্লাইট বাতিল করা হয়েছে।
এ এম/ ১৬ মার্চ ২০২৬









