আড়ংয়ের শপিং ব্যাগের দাম নেওয়ার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

ঢাকা, ১৫ মার্চ – শপিংয়ের পর ব্যাগের জন্য ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করার দাবিতে দেশের জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে আড়ংয়ে ভোক্তা অধিকার সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবিও জানানো হয় এই নোটিশে।
রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি জনস্বার্থে এই লিগ্যাল নোটিশ প্রেরণ করেন।
রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো এই নোটিশে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এবং আড়ংয়ের ব্যবস্থাপনা পরিচালককে বিবাদী করা হয়েছে।
নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
নোটিশে আইনজীবী উল্লেখ করেন যে গত ১ সেপ্টেম্বর থেকে কেনাকাটার পর বিনামূল্যে শপিং ব্যাগ না দিয়ে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে আড়ং। এটি দেশের প্রচলিত আইনের পরিপন্থি। দেশের অন্য কোনো ব্যবসাপ্রতিষ্ঠান এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে না। কিন্তু গত কয়েক মাস ধরে আড়ংয়ের বিভিন্ন শোরুমে পণ্য কেনার পর ব্যাগের জন্য বাড়তি টাকা দিতে বাধ্য হচ্ছেন সাধারণ ক্রেতারা। এর ফলে অনেক ক্রেতা বাধ্য হয়ে হাতে করে কাপড় বহন করছেন যা সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।
আইনজীবী আরও বলেন যে আড়ংয়ের এই পদক্ষেপ ভোক্তাদের আর্থিকভাবে ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং ব্যবসায়িক নৈতিকতার মান লঙ্ঘন করছে। তাদের এই দৃষ্টান্ত অনুসরণ করে দেশের অন্যান্য ব্র্যান্ডও ক্রেতাদের কাছ থেকে শপিং ব্যাগের জন্য অতিরিক্ত অর্থ আদায়ে উৎসাহিত হতে পারে। তাই অবিলম্বে আড়ংকে এই অতিরিক্ত অর্থ আদায় বন্ধের ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ভোক্তা অধিকার অধিদপ্তরকে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে।
ভবিষ্যতে সব ক্রেতাকে বিনামূল্যে পণ্য বহনের ব্যাগ প্রদান নিশ্চিত করার বিষয়টিতেও জোর দেওয়া হয়।
এনএন/ ১৫ মার্চ ২০২৬









