জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে রাশিয়ার সমর্থন চাইল বাংলাদেশ

ঢাকা, ১৫ মার্চ – জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি পদের প্রার্থী হিসেবে রাশিয়ার সমর্থন চেয়েছে বাংলাদেশ।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই সমর্থন কামনা করা হয়।
সাক্ষাতের শুরুতে রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন নতুন দায়িত্ব গ্রহণের জন্য প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান এবং বাংলাদেশ ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন। এ সময় প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও স্থায়ী সম্পর্ক বিদ্যমান। জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা এবং দক্ষ জনশক্তি বিনিময়ের মতো বিভিন্ন ক্ষেত্রে এই অংশীদারিত্ব ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে।
রাশিয়ার রাষ্ট্রদূত দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তার দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি রাশিয়ার সঙ্গে বাংলাদেশের চলমান সম্পৃক্ততার ভূয়সী প্রশংসা করেন।
বৈঠকে প্রতিমন্ত্রী ২০২৬ থেকে ২০২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন কামনা করেন।
পরিশেষে উভয় পক্ষ বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে এবং ভবিষ্যতে পারস্পরিক স্বার্থে এই সহযোগিতাকে আরও এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।
এনএন/ ১৫ মার্চ ২০২৬









