পবিত্র শবে কদর উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ও আলোচনা সভা

ঢাকা, ১৫ মার্চ – যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশব্যাপী পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পালিত হবে। এই পবিত্র রজনী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে মাগরিবের নামাজের পর পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল কদরের ফজিলত এবং গুরুত্ব নিয়ে আলোচনা করা হবে।
এই অনুষ্ঠানে ওয়াজ করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মুহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ ছালাম খান।
পাশাপাশি এতে সভাপতিত্ব করবেন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ। এছাড়া পবিত্র শবে কদর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগীয় ও জেলা কার্যালয়, ইসলামিক মিশন কেন্দ্র এবং ইমাম প্রশিক্ষণ একাডেমিগুলোতেও অনুরূপ আলোচনা সভা ও দোয়া মাহফিলের ব্যবস্থা করা হবে।
এ এম/ ১৫ মার্চ ২০২৬



