জাতীয়

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বিপণিবিতানগুলোর জন্য সরকারের নতুন নির্দেশনা জারি

ঢাকা, ১৫ মার্চ – বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করার লক্ষ্যে দেশের সব বিপণিবিতান এবং বাণিজ্যিক স্থাপনার জন্য নতুন কিছু নির্দেশনা জারি করেছে সরকার।

নতুন এই নির্দেশনায় বলা হয়েছে, বিপণিবিতান ও ব্যবসায়িক স্থাপনার বাইরের অংশে সব ধরনের আলোকসজ্জা সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। এছাড়া এসব স্থাপনায় ব্যবহৃত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস অথবা তার চেয়ে বেশি নির্ধারণ করে চালাতে হবে।

পাশাপাশি দোকান বা বিপণিবিতানের কার্যক্রম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সাইনবোর্ডের আলোও নিভিয়ে ফেলার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার বিদ্যুৎ বিভাগে আয়োজিত এক বিশেষ সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এই সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি, ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতি, এফবিসিসিআই এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন প্রতিনিধিরা।

সভায় উপস্থিত ব্যবসায়ী সংগঠনের নেতারা সরকারের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের এই সিদ্ধান্ত বাস্তবায়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন।

এ এম/ ১৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language