জাতীয়

ঈদুল ফিতর উপলক্ষ্যে আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল

ঢাকা, ১৫ মার্চ – আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে যাত্রীদের ট্রেনযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এই উদ্যোগের অংশ হিসেবে ১৬ মার্চ থেকে সারাদেশের সকল আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদ উপলক্ষ্যে আয়োজিত এক বিশেষ প্রস্তুতিমূলক সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয় ১৬ মার্চ থেকে শুরু করে ঈদের আগের দিন পর্যন্ত কোনো আন্তঃনগর ট্রেন সাপ্তাহিক ছুটিতে থাকবে না।

তবে ঈদের ছুটি শেষ হওয়ার পর ট্রেনের সাপ্তাহিক বন্ধের নিয়মটি পুনরায় কার্যকর করা হবে। পাশাপাশি বিনা টিকিটের যাত্রীদের ভ্রমণ ঠেকাতে দেশের বড় স্টেশনগুলোতে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। ঢাকা বিমানবন্দর জয়দেবপুর চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট রাজশাহী এবং খুলনার মতো গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনগুলোতে বিশেষ নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হচ্ছে।

জিআরপি আরএনবি বিজিবি র‌্যাব এবং স্থানীয় পুলিশ প্রশাসনের যৌথ প্রচেষ্টায় টিকিট ছাড়া কোনো যাত্রী যেন স্টেশনে প্রবেশ করতে না পারেন সেই বিষয়টি নিশ্চিত করা হবে। এছাড়া ট্রেনে বা রেললাইনে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চলন্ত ট্রেন ও স্টেশন এলাকায় সার্বক্ষণিক পাহারার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় অংশগ্রহণে সব ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কঠোর হস্তে দমন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এস এম/ ১৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language