জাতীয়

জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথে চলতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৫ মার্চ – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে আবেগের বশবর্তী না হয়ে সাংবিধানিক পথে এগোতে হবে। রাষ্ট্র কোনো আবেগ দিয়ে পরিচালিত হয় না, বরং এটি চলে সংবিধান ও আইনকানুনের মাধ্যমে। রবিবার জাতীয় সংসদে এক অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। এর আগে সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জুলাই সনদ কার্যকরের বিষয়ে তার বক্তব্য তুলে ধরেন। তারই পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী এই জবাব দেন। তিনি জানান, সরকার ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

তবে তা কোনো অবৈধ বা আরোপিত আদেশের মাধ্যমে নয়, বরং সাংবিধানিক ও আইনি প্রক্রিয়ায় সম্পন্ন করতে হবে। সংসদীয় রীতিনীতির কথা স্মরণ করিয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে কোনো মুলতবি প্রস্তাব বা সংক্ষিপ্ত আলোচনা আনতে হলে কার্যপ্রণালি বিধির ৬২ বা ৬৮ ধারা অনুযায়ী নোটিশ দেওয়ার বিধান রয়েছে। বিরোধীদলীয় নেতা এমন কোনো নোটিশ দিয়েছেন কি না, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

বিরোধীদলীয় নেতার পঠিত জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানের ৯৩ অনুচ্ছেদের ১ উপধারা অনুযায়ী সংসদ অধিবেশন না থাকা অবস্থায় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। কিন্তু সংবিধান পরিবর্তন বা সংশোধন সংক্রান্ত কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না। অথচ গত বছরের ১৩ নভেম্বর জারি করা এই আদেশটি না কোনো অধ্যাদেশ, না কোনো আইন। এটিকে একটি অদ্ভুত বিষয় বলে আখ্যায়িত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এস এম/ ১৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language