পিরোজপুরের মানুষের আমানত ও সাঈদীর আদর্শ রক্ষায় অঙ্গীকারবদ্ধ মাসুদ সাঈদী

পিরোজপুর-১, ১৫ মার্চ – পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাসুদ সাঈদী জানিয়েছেন, পিরোজপুরের জনগণ নানা প্রতিকূলতা অতিক্রম করে তাকে নির্বাচিত করে যে আমানত দিয়েছেন, তিনি আজীবন তার সর্বোচ্চ মর্যাদা রক্ষা করবেন। একই সঙ্গে তিনি তার পিতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর আদর্শ সমুন্নত রেখে নিজ এলাকায় উন্নয়ন সাধন এবং দেশে ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেছেন। রবিবার জাতীয় সংসদের অধিবেশনে স্পিকারের অনুমতিক্রমে নির্ধারিত আট মিনিটের বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতেই তিনি বায়ান্নর ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদ ও মুগ্ধসহ সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার নিয়ে বিশদ আলোচনা করেন। শিক্ষা ও বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করে মাসুদ সাঈদী বলেন, দেশে প্রকৃত ইনসাফ কায়েম করতে হলে সর্বাগ্রে দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনের বরাত দিয়ে তিনি উল্লেখ করেন, গত পনেরো বছরে শুধুমাত্র সড়ক ও জনপথ বিভাগেই প্রায় বাহান্ন হাজার কোটি টাকার দুর্নীতি ও লুটপাট হয়েছে। এ সময় তিনি সরকারি নানা সুযোগ-সুবিধা এবং শুল্কমুক্ত গাড়ি ব্যবহারের সংস্কৃতি বর্জন করে তাকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
জুলাই জাতীয় সনদ প্রসঙ্গে এই সংসদ সদস্য বলেন, জুলাই সনদ হলো বিপ্লবী ছাত্র-জনতার আকাঙ্ক্ষার চূড়ান্ত প্রতিফলন। জামায়াতে ইসলামীসহ দেশের অধিকাংশ রাজনৈতিক দল এতে সমর্থন জ্ঞাপন করেছে। তবে অত্যন্ত পরিতাপের বিষয় হলো, নির্বাচনের ফল ঘোষণার পর ত্রিশ দিন পেরিয়ে গেলেও এখনো সংবিধান সংস্কার পরিষদের কোনো অধিবেশন আহ্বান করা হয়নি। তিনি আরও অভিযোগ করেন, বিএনপি জুলাই সনদের পক্ষে গণভোটে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ না করে দেশের আপামর মানুষকে চরমভাবে হতাশ করেছে। জনগণের কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা পূরণে তিনি দ্রুততম সময়ের মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন ডাকার জোর দাবি জানান।
এস এম/ ১৫ মার্চ ২০২৬









