গাজীপুর

ঈদে জাবি শিক্ষার্থীদের বাড়ি ফেরাতে জাকসুর বিশেষ বাস সেবা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ৭ মার্চ – আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়ি ফেরা নির্বিঘ্ন ও সহজ করতে বিশেষ পরিবহন ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা জাকসু। এই কর্মসূচির আওতায় দেশের চারটি জেলার উদ্দেশ্যে দূরপাল্লার বাস চলাচলের উদ্যোগ নেওয়া হয়েছে। জাকসুর পরিবহন ও যাতায়াত সম্পাদক তানভীর রহমান শুক্রবার ৬ মার্চ এই বিশেষ বাস সেবার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে আগামী ১১ মার্চ ২০২৬ বুধবার সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বর থেকে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে বাসগুলো ছেড়ে যাবে। বিআরটিসি ডাবল ডেকার এসব বাসের প্রতিটিতে ৭৫টি করে আসন রয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৮ মার্চ ২০২৬ রবিবারের মধ্যে নির্ধারিত ভাড়া পরিশোধ সাপেক্ষে নিজ নিজ আসন নিশ্চিত করতে হবে। উদ্যোগটির আওতায় ক্যাম্পাস থেকে রংপুর, বগুড়া, খুলনা ও বরিশাল এই চারটি জেলায় বাস চলাচল করবে।

এর মধ্যে ক্যাম্পাস থেকে রংপুর ও বগুড়া রুটের বাসগুলো যমুনা সেতু ও সিরাজগঞ্জ হয়ে যাতায়াত করবে। অন্যদিকে খুলনাগামী বাসগুলো পদ্মা সেতু হয়ে ভাঙ্গা, মুকসুদপুর, ভাটিয়াপাড়া, গোপালগঞ্জ ও বাগেরহাট হয়ে খুলনায় পৌঁছাবে। এছাড়া বরিশাল রুটের বাস পদ্মা সেতু পার হয়ে ভাঙ্গা ও মাদারীপুর হয়ে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে। জাকসুর সংশ্লিষ্ট প্রতিনিধিরা জানিয়েছেন যে ঈদের সময় শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতেই তাদের এই প্রয়াস।

এস এম/ ৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language