জাতীয়

সংসদকে নেতিবাচক সংস্কৃতিমুক্ত করার প্রত্যয় সালাহউদ্দিন আহমদের

গুলশান, ৭ মার্চ – বিএনপি সংসদের প্রচলিত খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি আশা প্রকাশ করেন যে তাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে এবং জনগণ বলবে যে এমন একটি সংসদই তারা দেখতে চেয়েছিলেন। অতীতে সংসদে যেসব নেতিবাচক নজির সৃষ্টি হয়েছে সেগুলো মানুষের মন থেকে মুছে ফেলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

শনিবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংসদ সদস্যদের শেষ দিনের প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত হয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সংবিধান কার্যপ্রণালী বিধি এবং সংসদীয় রীতিনীতি বা কাস্টমস নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।

পাশাপাশি বিশ্বের যেসব দেশে শক্তিশালী গণতন্ত্রের চর্চা রয়েছে সেসব দেশের সংসদের কার্যক্রম নিয়েও কথা বলা হয়েছে। নতুন সংসদ সদস্যদের প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন যারা নতুন সংসদ সদস্য তারা নতুন করে যাত্রা শুরু করবেন এবং ভালো কিছু শিখবেন।

তাদের ভেতর কোনো খারাপ সংস্কৃতি না থাকলে তারা ইতিবাচক শিক্ষা গ্রহণ করতে পারবেন। একটি শিশু যেমন জন্মের পর সতেজ সংস্কৃতি শেখে ঠিক সেভাবেই নবীন সংসদ সদস্যদের প্রস্তুত করার চেষ্টা চলছে। নতুন সংসদ সদস্যরা যাতে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে পারেন সেই লক্ষ্যেই এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানান তিনি।

প্রথমবার নির্বাচিত বিএনপির সংসদ সদস্যদের জন্য সংসদীয় কার্যক্রম বিধিবিধান ও শিষ্টাচার বিষয়ক দুদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার কর্মশালার শেষ দিনে সকালের সেশনে ঢাকা জেলা ময়মনসিংহ ও ঢাকা বিভাগ এবং ফরিদপুর জেলার সংসদ সদস্যরা অংশ নেন। বিকেলের সেশনে সিলেট কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা অংশগ্রহণ করবেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখেই মূলত নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। কর্মশালায় অভিজ্ঞ সাবেক আমলা শিক্ষাবিদ ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের দায়িত্ব ও সংসদীয় রেওয়াজ সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে।

এম ম/ ৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language