জ্বালানি সংকট: দ্বিগুণ দামে দুই কার্গো এলএনজি কিনল সরকার

ঢাকা, ৭ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। দীর্ঘমেয়াদি চুক্তি থাকা সত্ত্বেও কাতারসহ বিভিন্ন দেশ থেকে সময়মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহ ব্যাহত হচ্ছে।
উদ্ভূত পরিস্থিতিতে দেশের জ্বালানি সংকট মোকাবিলায় দ্বিগুণেরও বেশি দামে দুই কার্গো এলএনজি কিনেছে সরকার।
শুক্রবার রাতে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে দুই কার্গো এলএনজি কেনা হয়েছে, যার মধ্যে একটি আগামী ১৫ অথবা ১৬ মার্চ এবং অন্যটি ১৮ মার্চ দেশে পৌঁছানোর কথা রয়েছে।
পেট্রোবাংলা সূত্রমতে, এলএনজি আমদানিতে এবার সরকারকে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে। গত মাসে স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনতে যেখানে ১ হাজার ১০০ কোটি টাকা লেগেছিল, সেখানে বর্তমান পরিস্থিতিতে একই পরিমাণ গ্যাস আমদানিতে খরচ হচ্ছে প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা। অর্থাৎ সরকারকে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা অতিরিক্ত গুনতে হচ্ছে।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান গানভোর গ্রুপ থেকে কেনা এলএনজির প্রতি ঘনফুটের দাম পড়ছে ২৮ দশমিক ২৮ ডলার এবং ভিটলের কাছ থেকে কেনা কার্গোর ক্ষেত্রে প্রতি ঘনফুটের দাম ২৩ দশমিক ০৮ ডলার। গানভোর থেকে কেনা কার্গোটির মোট দাম দাঁড়াচ্ছে প্রায় ১ হাজার ২৭৯ কোটি টাকা, যা চলতি বছরের জানুয়ারিতে কেনা সমপরিমাণ চালানের চেয়ে দ্বিগুণেরও বেশি।
এনএন/ ৭ মার্চ ২০২৬








