ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি: আজ মিলছে ১৫ মার্চের টিকিট

ঢাকা, ৫ মার্চ – আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ রেলওয়ে। অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিনে আজ বৃহস্পতিবার সকাল থেকে ১৫ মার্চের টিকিট বিক্রি করা হচ্ছে।
রেলওয়ের পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, যারা আগামী ১৫ মার্চ ট্রেনে ভ্রমণ করতে ইচ্ছুক, তাদের আজকেই টিকিট সংগ্রহ করতে হবে।
এবার ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনেই বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সার্ভারের ওপর চাপ কমাতে এবং যাত্রীদের টিকিট প্রাপ্তি সহজ করতে টিকিট বিক্রির সময় দুই ভাগে ভাগ করা হয়েছে। পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি করা হচ্ছে।
এর আগে গত মঙ্গলবার (৩ মার্চ) থেকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। প্রথম দিন ১৩ মার্চের এবং গতকাল বুধবার ১৪ মার্চের টিকিট বিক্রি করা হয়েছে।
রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, আগামী ৬ মার্চ ১৬ মার্চের, ৭ মার্চ ১৭ মার্চের, ৮ মার্চ ১৮ মার্চের এবং ৯ মার্চ ১৯ মার্চের অগ্রিম টিকিট বিক্রি করা হবে।
এনএন/ ৫ মার্চ ২০২৬









