জাতীয়

চিকিৎসায় অবহেলা: ১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত করল বিএমডিসি

ঢাকা, ৫ মার্চ – চিকিৎসায় অবহেলায় চার রোগীর মৃত্যু এবং ভুল চিকিৎসা প্রতিবেদন প্রদানের অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ জন চিকিৎসকের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বা বিএমডিসি।

বিএমডিসির ৫৪তম কাউন্সিল সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে বুধবার কাউন্সিলের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত পৃথক নোটিশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে আনীত অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এবং সংশ্লিষ্ট প্রবিধানমালা অনুযায়ী এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের জন্য তাদের নাম কাউন্সিলের রেজিস্টার থেকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং এর ফলে তারা এই মেয়াদে কোনো প্রকার চিকিৎসা সেবা প্রদান করতে পারবেন না। নিবন্ধন স্থগিত হওয়া চিকিৎসকদের মধ্যে রাজধানীর মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিক্যাল চেকআপ সেন্টারের ডা. ইশতিয়াক আজাদ ও ডা. এস এম মুক্তাদিরের রেজিস্ট্রেশন দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে।

এ ছাড়া ঝিনাইদহের শৈলকুপা প্রাইভেট শিশু হাসপাতাল ও ছন্দা ডায়াগনস্টিক সেন্টারের ডা. তৌহিদুর রহমান এবং ডা. সোহেলী ইসলামের নিবন্ধন এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।

অন্যদিকে ছয় মাসের জন্য নিবন্ধন স্থগিত করা হয়েছে বাড্ডার ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালের ডা. তাসনুভা মাহজাবীন ও ডা. সৈয়দ সাব্বির আহমেদ, মালিবাগের জে এস ডায়াগনস্টিকের ডা. মাহবুব মোরশেদ এবং টাঙ্গাইলের ঘাটাইলের আলোক হেলথ কেয়ারের ডা. মেরিনা জেসমিন, ডা. মো. শাইখুল আরাফাত ও ডা. মো. এছহাক আলীর।

বিএমডিসির নোটিশে উল্লেখ করা হয়েছে যে চিকিৎসায় গাফিলতির কারণে চারজনের প্রাণহানি এবং একজনকে ভুল প্রতিবেদন দিয়ে আর্থিক ক্ষতির মুখে ফেলার দায়ে এই ১০ চিকিৎসকের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। জনস্বার্থে এবং দেশে চিকিৎসা সেবার মান বজায় রাখতে কাউন্সিল এই কঠোর অবস্থান গ্রহণ করেছে।

এনএন/ ৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language