খুলনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে শ্রমিক দল নেতা নিহত, পিস্তলসহ আটক ১

খুলনা, ৫ মার্চ – খুলনা মহানগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড়ে দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে মাসুম বিল্লাহ নামের এক শ্রমিক দল নেতা নিহত হয়েছেন।

বুধবার রাত ৯টার দিকে বাটার দোকানের সামনে জনাকীর্ণ এলাকায় এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে এবং রূপসা উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি। তিনি উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়কের দায়িত্বও পালন করেছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে মাসুম বিল্লাহ ডাকবাংলো মোড় এলাকায় অবস্থান করছিলেন। এ সময় পাঁচজন দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি গলায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ডান পায়ে কুপিয়ে জখম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত জনতা ও পুলিশের সহায়তায় অশোক ঘোষ নামের এক সন্ত্রাসীকে একটি বিদেশি পিস্তলসহ আটক করা সম্ভব হয়।

গুরুতর আহত অবস্থায় মাসুম বিল্লাহকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, আটক অশোক ঘোষ পুলিশের তালিকাভুক্ত গ্রেনেড বাবু গ্রুপের সদস্য। তাকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনার নেপথ্যের কারণ উদ্ঘাটনে পুলিশ তৎপর রয়েছে। পাশাপাশি ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতারে শহরে অভিযান শুরু হয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, নিহত মাসুম বিল্লাহর বড় ভাই এবং নৈহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল ওরফে মিনা কামাল ২০২০ সালে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছিলেন।

এনএন/ ৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language