নতুন সরকারের একনেক ও মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন, নেতৃত্বে প্রধানমন্ত্রী

সিলেট, ২৫ ফেব্রুয়ারি – নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এবং মন্ত্রিসভার দুটি গুরুত্বপূর্ণ কমিটি পুনর্গঠন করা হয়েছে। মঙ্গলবার পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির নতুন কাঠামোর কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, একনেকের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকল্প চেয়ারপারসন হিসেবে থাকছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, আইনমন্ত্রী আসাদুজ্জামান, স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন এবং সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌ-পথমন্ত্রী শেখ রবিউল আলম। সংশ্লিষ্ট প্রকল্পের মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রীরাও এতে সদস্য থাকবেন। সরকারি কাজে ৫০ কোটি টাকার বেশি অঙ্কের প্রকল্প একনেকে অনুমোদন নিতে হয়।
অন্যদিকে, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এই কমিটির অন্য সদস্যরা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, খলিলুর রহমান, খন্দকার আব্দুল মুক্তাদির ও আসাদুজ্জামান। উচ্চমূল্যের সরকারি কেনাকাটার প্রস্তাব পর্যালোচনা ও অনুমোদনের দায়িত্ব পালন করে এই কমিটি।
একইভাবে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক হিসেবেও থাকছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আর্থিক ও অর্থনৈতিক নীতি নির্ধারণী এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমদ, খন্দকার আব্দুল মুক্তাদির এবং আসাদুজ্জামান। মন্ত্রিপরিষদ বিভাগ এই কমিটিগুলোকে সাচিবিক সহায়তা প্রদান করবে।
এস এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬









