পিলখানা নিয়ে নতুন তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নতুন করে আর কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, যেহেতু একটি স্বাধীন জাতীয় তদন্ত কমিশন এর আগে গঠিত হয়েছিল এবং সেখানে দক্ষ ও উপযুক্ত ব্যক্তিরা যুক্ত ছিলেন, তাই নতুন কমিশনের প্রয়োজন নেই। বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে ‘শহিদ সেনা দিবস’ উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পূর্ববর্তী তদন্ত কমিশনের প্রতিবেদনে প্রায় ৭০টির মতো সুপারিশ করা হয়েছিল। সেগুলোর বিস্তারিত পর্যালোচনা করা হবে। অনেক সুপারিশই বাস্তবায়নাধীন রয়েছে। বিচারাধীন মামলাগুলোর বিচারিক প্রক্রিয়া, যা আপিল বা অ্যাপিলেট বিভাগে রয়েছে, সেগুলো দ্রুত সমাপ্ত করার উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টটি বর্তমান সরকারের হাতে এসেছে। আগের সময়ে এই রিপোর্ট বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। তবে বর্তমান সরকার সুপারিশমালাগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করবে।
পিলখানা হত্যাকাণ্ডকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসেবে অভিহিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেনাবাহিনীকে দুর্বল করাই ছিল এই ঘটনার লক্ষ্য। শহিদ পরিবার ও দেশবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ ও ন্যায়বিচার নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে জাতীয় জীবনে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। রিপোর্টের পূর্ণাঙ্গ প্রকাশ প্রসঙ্গে তিনি জানান, মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
এস এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬









