জাতীয়

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে সৌদি আরব যাচ্ছেন ড. খলিলুর রহমান

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে সৌদি আরব যাচ্ছেন ড. খলিলুর রহমান।

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্ব ও অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) জরুরি বৈঠকে যোগ দিতে তিনি দেশটিতে যাচ্ছেন। আগামী ২৬ ফেব্রুয়ারি জেদ্দায় ওআইসি সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ওআইসির এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে বুধবার ভোরে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন পররাষ্ট্রমন্ত্রী। এই সফরে তার সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির।

ইসরায়েল সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরে নিজেদের নিয়ন্ত্রণ জোরদার করতে অবৈধ বসতি স্থাপনকারীদের জন্য জমি কেনা সহজ করার মতো বিতর্কিত পদক্ষেপ অনুমোদন করেছে। ইসরায়েলের এমন সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা ও দখলদারিত্বের বিরুদ্ধে আলোচনার জন্যই ওআইসি এই জরুরি সভার আয়োজন করেছে।

ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ সবসময়ই সোচ্চার ভূমিকা পালন করে আসছে। আসন্ন বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদল জোরালোভাবে নিজেদের অবস্থান তুলে ধরবে।

ঢাকার কূটনৈতিক সূত্রমতে, বহুপক্ষীয় ফোরামে অংশগ্রহণই এই সফরের মূল লক্ষ্য হলেও বৈঠকের ফাঁকে ওআইসিভুক্ত কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক সাক্ষাতের সম্ভাবনা রয়েছে ড. খলিলুর রহমানের।

সফর শেষে আগামী ১ মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে।

এনএন/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language