জাতীয়

১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – আগামী ১০ মার্চ সারা দেশে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রাথমিকভাবে দেশের ১৩টি জেলার একটি করে ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এই কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে এবং পরবর্তীতে ধাপে ধাপে এই কর্মসূচি সম্প্রসারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিএনপির অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার ছিল এই ফ্যামিলি কার্ড কর্মসূচি যা বাস্তবায়নে সরকার গঠনের পরপরই অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু হয়।

ঈদের আগেই হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের হাতে এই সুবিধা পৌঁছে দিতে গত ১৯ ফেব্রুয়ারি সরকার একটি বিশেষ মন্ত্রিসভা কমিটি গঠন করে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যেই এই কমিটি কাজ করবে।

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি করে গঠিত ১৪ সদস্যের এই কমিটিতে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রীসহ একাধিক সচিব ও উপদেষ্টা রয়েছেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদার ও দরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া মঙ্গলবার সচিবালয়ে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড নিয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এনএন/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language