চাপাইনবাবগঞ্জ

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে মুকুলে ছেয়ে গেছে বাগান, বাম্পার ফলনের আশা

চাঁপাইনবাবগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি – আমের রাজধানী হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জে বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে আমবাগানগুলো সোনালি মুকুলে ছেয়ে গেছে। চারদিকে মুকুলের সুবাস ছড়িয়ে পড়ায় বাগানের আশপাশ দিয়ে চলাচলকারী মানুষের মনে প্রশান্তি বিরাজ করছে।

বর্তমানে জেলার প্রায় ৮০ শতাংশ আমগাছে মুকুল এসেছে এবং শতভাগ মুকুল আসতে আরও এক সপ্তাহের মতো সময় লাগতে পারে বলে বাগান মালিকরা জানিয়েছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাম্পার ফলনের আশা করছেন সংশ্লিষ্টরা। কৃষি কর্মকর্তাদের মতে শীতের বিদায় ও বসন্তের শুরুতে তাপমাত্রা ও আর্দ্রতার চমৎকার সমন্বয়ের কারণে এবার মুকুল আসার হার বেশ সন্তোষজনক। তবে চূড়ান্ত ফলন অনেকাংশে নির্ভর করবে রোগবালাই নিয়ন্ত্রণ ও সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার ওপর।

জেলায় ফজলি, খিরসাপাত, গোপালভোগ ও ল্যাংড়াসহ দুই শতাধিক জাতের সুস্বাদু আম উৎপাদিত হয় যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়। এদিকে ভালো ফলন পেতে চাষিরা এখন বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। নিয়মিত সেচ, আগাছা পরিষ্কার ও বালাইনাশক প্রয়োগ করা হচ্ছে। তবে এ বছর কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির কারণে উৎপাদন ব্যয় বাড়ায় সরকারি প্রণোদনা ও সহজ শর্তে ঋণের দাবি জানিয়েছেন চাষিরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী জানান যে এ বছর জেলায় ৩৭ হাজার ৪৮৭ হেক্টর জমিতে ৫ লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের নিয়মিত মাঠ পর্যায়ে পরামর্শ দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

এস এম/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language