দক্ষিণ এশিয়া

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, টিটিপি ও আইএস ঘাঁটি ধ্বংসের দাবি

কাবুল, ২২ ফেব্রুয়ারি – সাম্প্রতিক সময়ে একাধিক আত্মঘাতী হামলার জের ধরে আফগানিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। ইসলামাবাদের দাবি অনুযায়ী পাকিস্তান তালেবান বা টিটিপি এবং তাদের সহযোগী সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি ও আস্তানা লক্ষ্য করে এই আঘাত হানা হয়েছে।

রোববার পরিচালিত এই হামলার বিষয়ে আফগানিস্তানের তালেবান সরকার তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে আফগান সূত্রগুলো জানিয়েছে যে পাকতিকা ও নানগারহার নামক দুই সীমান্ত প্রদেশে এই হামলা চালানো হয়েছে।

পাকতিকা প্রদেশে একটি ধর্মীয় বিদ্যালয়ে ড্রোন হামলার খবরও পাওয়া গেছে বলে আল জাজিরা জানিয়েছে।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতটি টিটিপি ঘাঁটি ও সংশ্লিষ্ট স্থাপনায় সুনির্দিষ্ট অভিযান চালানো হয়েছে। এছাড়া সীমান্ত অঞ্চলে ইসলামিক স্টেট বা আইএসের সাথে সংশ্লিষ্ট একটি গোষ্ঠীকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয় ইসলামাবাদ, বাজৌর ও বান্নু জেলায় সাম্প্রতিক হামলাগুলোর পেছনে আফগানিস্তানভিত্তিক নেতৃত্বের নির্দেশ ছিল এবং এ সংক্রান্ত চূড়ান্ত প্রমাণ পাকিস্তানের হাতে রয়েছে। আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা ঠেকাতে তালেবান সরকারকে বারবার আহ্বান জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছে ইসলামাবাদ।

গত ১৫ ফেব্রুয়ারি উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় নিরাপত্তা বাহিনীর বহরে আত্মঘাতী হামলায় এক লেফটেন্যান্ট কর্নেলসহ দুই সেনা সদস্য নিহত হন। এরপর ১৬ ফেব্রুয়ারি বাজৌরে নিরাপত্তা চৌকিতে বিস্ফোরকবাহী গাড়ি নিয়ে হামলায় ১১ সেনা ও এক শিশু নিহত হয়। কর্তৃপক্ষ জানায় হামলাকারী একজন আফগান নাগরিক ছিলেন। এর আগে ৬ ফেব্রুয়ারি ইসলামাবাদের তারলাই কালান এলাকায় একটি মসজিদে জোহরের নামাজের সময় আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত ও ১৭০ জন আহত হন। ওই হামলার দায় স্বীকার করেছিল আইএস।

পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে ২০২০ সালে দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির অঙ্গীকার অনুযায়ী তালেবান যেন আফগান ভূখণ্ড অন্য দেশের বিরুদ্ধে ব্যবহারের সুযোগ না দেয় সে বিষয়ে চাপ প্রয়োগ করতে।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সহিংসতা বেড়েছে যার জন্য টিটিপি ও বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দায়ী করা হয়। ইসলামাবাদ অভিযোগ করে টিটিপি আফগানিস্তান থেকে কার্যক্রম চালায় যদিও গোষ্ঠীটি তা অস্বীকার করে আসছে।

এনএন/ ২২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language