জাতীয়

রমজান ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বর্ণিল আলোকসজ্জা ও উৎসবের আমেজ

ঢাকা, ২০ ফেব্রুয়ারি – পবিত্র রমজান মাসকে স্বাগত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে চলছে বর্ণিল আলোকসজ্জা ও সাজসজ্জার প্রস্তুতি। বিগত বছরগুলোর তুলনায় এবার নতুন উদ্যমে এবং ভিন্ন আবহে রমজান উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পাসের বিভিন্ন হলের প্রবেশদ্বার ও চত্বর সেজেছে রঙিন ব্যানার এবং উজ্জ্বল আলোয়।

হল প্রশাসনের সার্বিক সহযোগিতায় হল সংসদগুলো ক্যাম্পাসে এই উৎসবমুখর পরিবেশ তৈরিতে মুখ্য ভূমিকা পালন করছে। বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্‌দীন হল, স্যার এ এফ রহমান হল, বিজয় ৭১ হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, প্রস্তাবিত শহীদ ওসমান হাদী হল, কবি সুফিয়া কামাল হল, ড. মুহাম্মদ শহিদুল্লাহ হল এবং হাজী মোহাম্মদ মুহসিন হলসহ বিভিন্ন আবাসিক হলের গেটে রমজানের শুভেচ্ছাবার্তা শোভা পাচ্ছে। ঐতিহ্যবাহী চাঁদ-তারা, মসজিদের মিনার ও নান্দনিক ইসলামী নকশায় সাজানো হয়েছে হলের প্রবেশপথগুলো। সেই সঙ্গে ঝুলানো হয়েছে রমজান থিমের ব্যানার ও ফেস্টুন।

আবাসিক শিক্ষার্থীদের পদচারণায় এবং সন্ধ্যার পর জ্বলে ওঠা এসব আলোয় পুরো ক্যাম্পাস এলাকা এক প্রাণবন্ত রূপ ধারণ করছে। রমজানকে কেন্দ্র করে এই সাজসজ্জার বিষয়ে কবি জসীমউদ্‌দীন হল সংসদের ভিপি ওসমান গণি জানান, রমজান হলো ত্যাগ, ধৈর্য ও ভ্রাতৃত্ববোধের মাস। শিক্ষার্থীরা যেন ইফতার, তারাবি ও ধর্মীয় কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে অনুপ্রাণিত হয়, সেই লক্ষ্যেই হল সংসদ ও প্রশাসনের এই আয়োজন। এই উদ্যোগের মাধ্যমে ক্যাম্পাসে ঐক্য, সম্প্রীতি ও ইতিবাচক সংস্কৃতি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অন্যদিকে পরিবারের সান্নিধ্য মিস করলেও হলের এই বর্ণিল পরিবেশ শিক্ষার্থীদের মন ভালো করে দিচ্ছে। সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী মোহাম্মদ হাবিব জানান, পরিবার থেকে দূরে থাকলেও হলের বন্ধুদের সাথে আনন্দ ভাগাভাগি এবং সুসজ্জিত হলের পরিবেশ এক ভিন্নরকম ভালো লাগার অনুভূতি তৈরি করে।

এস এম/ ২০ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language