৮ বিভাগে ৮ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং শুরু, কমিটি গঠন

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – নতুন সরকার দেশের ৮টি বিভাগের ৮টি উপজেলায় পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করার উদ্যোগ নিয়েছে। এই কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে অর্থমন্ত্রীকে প্রধান করে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং সমাজকল্যাণ মন্ত্রী।
এছাড়াও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও মাহ্দী আমিনসহ সাতটি মন্ত্রণালয়ের সচিব এবং মন্ত্রিপরিষদ সচিব কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন। এই কমিটির মূল দায়িত্ব হবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের যথাযথ নকশা প্রণয়ন এবং সুবিধাভোগী নির্বাচনের প্রক্রিয়া নির্ধারণ করা। প্রাথমিক ধাপে দেশের আটটি বিভাগের প্রতিটিতে একটি করে উপজেলা নির্বাচন করে সেখানে এই কার্ড চালু করার ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া নারীদের জন্য বর্তমানে চালু থাকা অন্য কোনো কর্মসূচিকে এই কার্ডের ভিত্তি হিসেবে ব্যবহার করা সম্ভব কি না সে বিষয়টিও কমিটি খতিয়ে দেখবে। পাশাপাশি সুবিধাভোগীদের একটি সঠিক তথ্যভাণ্ডার তৈরির লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র ও ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজের মধ্যে সংযোগ স্থাপন করে একটি ডিজিটাল এমআইএস ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করবে এই কমিটি।
এসএএস/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬









