রমজানে ১০ লাখ পরিবার পাবে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস: প্রতিমন্ত্রী টুকু

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতির অংশ হিসেবে পবিত্র রমজান উপলক্ষ্যে নিম্নআয়ের মানুষের জন্য সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় সারা দেশে প্রায় ১০ লক্ষাধিক পরিবারকে দুধ, ডিম, মাংস ও মাছ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে, যা বাজার দর নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে।
আজ সকালে রাজধানীর মহাখালীতে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে পবিত্র রমজান মাসে সুলভ মূল্যে এসব পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী জাতির কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নে সততা ও নিষ্ঠার বিকল্প নেই। রমজানে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করে, যা লাঘবে সরকারের এই উদ্যোগ সহায়ক হবে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।
বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে ভবিষ্যতে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালু করার উদ্যোগ নেওয়া হবে। এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের এবং সংশ্লিষ্ট খাতের অন্যান্য নেতৃবৃন্দ।
এস এম/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬









