জাতীয়

ঢাকা বার নির্বাচনে এককভাবে লড়ার সিদ্ধান্ত আইনজীবী অধিকার পরিষদের

পুরান ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – আসন্ন ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে এককভাবে অংশগ্রহণের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের ঢাকা বার ইউনিট। মঙ্গলবার রাজধানীর পুরান ঢাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত এক মতবিনিময় সভায় সংগঠনের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা বার ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. মমিনুল ইসলাম এবং সঞ্চালনা করেন সদস্যসচিব অ্যাডভোকেট হাবিবুর রহমান। সভায় অ্যাডভোকেট মো. মমিনুল ইসলাম বলেন যে ৫ আগস্ট পরবর্তী সময়ে নির্বাচনবিহীন যে সংস্কৃতি দীর্ঘায়িত হচ্ছে তার অবসান ঘটিয়ে দ্রুত নির্বাচন আয়োজনের জন্য চাপ সৃষ্টি এবং স্বতন্ত্র আইনজীবী ঐক্য প্যানেল গঠনের বিষয়ে তারা নীতিগতভাবে একমত হয়েছেন।

এরই ধারাবাহিকতায় নির্বাচনে একক প্যানেল নিয়ে অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান উল্লেখ করেন যে আইনজীবী অধিকার পরিষদ বিগত কয়েক মাস আগেই দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি প্রদান করেছিল এবং সাধারণ আইনজীবীদের এ বিষয়ে উদ্বুদ্ধ করে যাচ্ছে। বার ও বেঞ্চের মধ্যে কার্যকর সমন্বয় সাধনের লক্ষ্যে একটি শক্তিশালী আইনজীবী নেতৃত্ব উপহার দিতে তাদের প্যানেল কাজ করে যাবে বলে তিনি জানান।

এদিকে প্যানেলের সাধারণ সম্পাদক হিসেবে নিজের আগ্রহ প্রকাশ করে গণঅধিকার পরিষদের আইন সম্পাদক অ্যাডভোকেট শেখ শওকত হোসেন বলেন যে তাদের সংগঠনটি কেবল আইনজীবীদের অধিকার আদায়েই সীমাবদ্ধ থাকবে না বরং ন্যায়বিচার ও আইনের শাসন এবং সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে। সভায় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সাইদুর রহমান, অ্যাডভোকেট মেহেদী হাসান, অ্যাডভোকেট আব্দুল্লাহ ইউসুফ ও অ্যাডভোকেট ফারিদ উদ্দিন প্রমুখ।

এ এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language