দেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সাধারণত বঙ্গভবনে সরকারের শপথ অনুষ্ঠান আয়োজিত হলেও এবার ব্যতিক্রমীভাবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধি ছাড়াও বিপুল সংখ্যক দেশি ও বিদেশি অতিথি উপস্থিত ছিলেন। এর আগে একই দিন সকালে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
উল্লেখ্য যে গত ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ভূমিধস বিজয় লাভ করে। নির্বাচন কমিশনের গেজেট অনুসারে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি আসনে জয়ী হয়েছে। এছাড়া জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ৬টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়লাভ করেছেন। আদালতের নির্দেশনার কারণে দুটি আসনের ফলাফল স্থগিত রাখা হয়েছে এবং একজন প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
এস এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬









