সংবিধান সংস্কার পরিষদের শপথ কে করাবেন তা নির্ধারিত হয়নি: সালাহউদ্দিন

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করানোর বিষয়টি প্রধান নির্বাচন কমিশনারের সাংবিধানিক এখতিয়ারভুক্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ কে পাঠ করাবেন, তা এখনো নির্ধারিত হয়নি বলে তিনি উল্লেখ করেন।
তিনি জানান, সাংবিধানিকভাবে দুটি ম্যান্ডেট রয়েছে যার একটি জাতীয় সংসদ নির্বাচনের এবং অন্যটি রাষ্ট্রপতি নির্বাচনের। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে এর দায়িত্বপ্রাপ্ত থাকে। সংসদ সদস্যদের শপথ গ্রহণ আগামীকাল সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সালাহউদ্দিন আহমদ আরও ব্যাখ্যা করেন, সাংবিধানিকভাবে স্পিকার বা ডেপুটি স্পিকার যদি উপস্থিত না থাকেন অথবা তারা অপারগ হন এবং তাদের মনোনীত কোনো প্রতিনিধিও না থাকেন, সেক্ষেত্রে দ্বিতীয় বিকল্প হিসেবে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন।
সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান সংশোধনীসহ বেশ কিছু বিষয় নির্ধারিত হওয়ার পরই কেবল তা সম্ভব হবে। সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত করে সংশোধনী আনতে হবে এবং শপথ পরিচালনার জন্য সংবিধানের দ্বিতীয় তফসিলে ফরম যুক্ত করতে হবে। কে শপথ পাঠ করাবেন তা নির্ধারিত হওয়ার পরই এ প্রক্রিয়ার বাস্তবায়ন সম্ভব হতে পারে।
এনএন/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬









