সুদ ও জামানত ছাড়াই বসুন্ধরার ঋণ পেলেন ৪৩২ নারী

বাংলাদেশ, ১৬ ফেব্রুয়ারি – কোনো সুদ বা সার্ভিস চার্জ ছাড়াই ঋণ মিলছে, এমনকি এই ঋণের জন্য কোনো জামানতও লাগছে না। দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের এমন মানবিক উদ্যোগে গত দুই দশকে ভাগ্য বদলেছে হাজারো সুবিধাবঞ্চিত মানুষের।
এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ৪৩২ জন সুবিধাবঞ্চিত নারীর মাঝে বিতরণ করা হয়েছে ৮০ লাখ টাকার সুদমুক্ত ঋণ। সোমবার বাঞ্ছারামপুরের ৪৩২ জন অসহায় নারী উদ্যোক্তা বসুন্ধরা ফাউন্ডেশনের এই ঋণ গ্রহণ করেন, যাদের প্রত্যেকের ওপর নির্ভর করছে একটি করে পরিবার।
নিজেদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন থাকলেও আর্থিক অসচ্ছলতা বারবার যাদের পথ আটকে দিচ্ছিল, ঠিক সেই সময় তাদের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে এসেছে বসুন্ধরা গ্রুপ পরিচালিত বসুন্ধরা ফাউন্ডেশন। ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ৮১তম ঋণ বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অসহায় নারীদের হাতে তুলে দেওয়া হয় ৮০ লাখ টাকার ঋণ সহায়তা। নারীদের হাতে ঋণের টাকা তুলে দেন বসুন্ধরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এম নাসিমুল হাই ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী।
এই সহজ শর্তের ঋণ পেয়ে বাঞ্ছারামপুর, নবীনগর ও কুমিল্লার হোমনাসহ বিভিন্ন উপজেলার ৩০ হাজারেরও বেশি দরিদ্র পরিবারে সচ্ছলতা এসেছে। ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এম নাসিমুল হাই বলেন, এমন সুদ ও সার্ভিস চার্জমুক্ত ক্ষুদ্র ঋণ পৃথিবীর ইতিহাসে বিরল এবং বসুন্ধরা গ্রুপ আপনাদের সংসারে সচ্ছলতা আনার সুযোগ করে দিয়েছে।
সঠিকভাবে এই টাকা কাজে লাগিয়ে নিজেরা স্বাবলম্বী হবেন এমনটাই আমাদের প্রত্যাশা। বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ট্রেজারার ময়নাল হোসেন চৌধুরী উল্লেখ করেন যে সুদ ও সার্ভিস চার্জমুক্ত এমন ঋণ প্রকল্প পরিচালনা করে বসুন্ধরা গ্রুপ একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।
গত দুই দশকে হাজার হাজার পরিবার এই ঋণে স্বাবলম্বী হয়েছে। সোনারামপুরের সুবিধাভোগী নাজমা বেগম জানান, তিনি এই নিয়ে দ্বিতীয়বার ঋণ পেলেন এবং আগেরবার রিকশা কেনার পর এবার ব্যাটারি কিনবেন। বসুন্ধরা ফাউন্ডেশনের এই সুদমুক্ত ঋণ কার্যক্রম শুধু আর্থিক সচ্ছলতাই আনছে না, গ্রামীণ নারীদের আত্মমর্যাদা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এ এম/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬









