জামায়াতের এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট নেবেন না: শিশির মনির

সিলেট, ১৬ ফেব্রুয়ারি – বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না বলে জানিয়েছেন দলটির নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সোমবার ১৬ ফেব্রুয়ারি সকাল ৭টা ৪৯ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
নিজের পোস্টে শিশির মনির উল্লেখ করেন, পূর্ব ঘোষণা অনুযায়ী তাদের নির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ থেকে বিরত থাকবেন। এর আগে গত বছরের ৭ নভেম্বর সিলেট নগরীর একটি কনভেনশন হলে মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে দলটির আমির ডা. শফিকুর রহমান অনুরূপ ঘোষণা দিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, ভবিষ্যতে তাদের দলের কেউ সংসদ সদস্য নির্বাচিত হলে সরকারি প্লট বা শুল্কমুক্ত গাড়ির সুবিধা ভোগ করবেন না। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে।
২৯৯টি আসনে ভোটগ্রহণ হলেও ফলাফল ঘোষণা করা হয়েছে ২৯৭টির। এর মধ্যে জামায়াত জোট মোট ৭৭টি আসনে জয়লাভ করেছে। শরিক দলগুলোর মধ্যে জামায়াতে ইসলামী একাই তাদের ইতিহাসে সর্বোচ্চ ৬৮টি আসন নিশ্চিত করেছে। এছাড়া জুলাই আন্দোলনের ছাত্রনেতাদের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক পার্টি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং খেলাফত মজলিস ১টি আসনে জয়ী হয়েছে।
এসএএস/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬









