জাতীয়

সরকার শপথ নিলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – নবনর্বাচিত সরকার শপথ গ্রহণ করার পরপরই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তবে তিনি স্পষ্ট করেছেন যে পুলিশ বাহিনী পুরোপুরি আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত সহায়তামূলক ভূমিকায় সেনাবাহিনীর একটি অংশ মাঠে মোতায়েন থাকবে।

গতকাল বেলা ১১টায় আয়োজিত সিএএস দরবারে সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৫ মিনিটের ওই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত সদস্যদের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন। নির্বাচনী দায়িত্ব পালনের সময় সেনাসদস্যদের পেশাদারত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেন সেনাপ্রধান। তিনি উল্লেখ করেন যে কঠিন ও সংবেদনশীল সময়ে সেনাবাহিনী যে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছে তা দেশের মানুষের আস্থা আরও সুদৃঢ় করেছে।

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন যে দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশকে স্থিতিশীল রাখতে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং দেশ ও জনগণ সেনাবাহিনীর এই সেবাকে স্মরণ রাখবে। সেনাপ্রধান জানান যে সংবিধান ও বেসামরিক প্রশাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে সেনাবাহিনী তাদের দায়িত্ব পালন করে আসছে। বক্তব্যের একপর্যায়ে তিনি পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে সেনাসদস্যদের ধৈর্য, সংযম ও পেশাদারত্ব বজায় রাখার আহ্বান জানান।

এসএএস/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language