পাবনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জামায়াত নেতার বাড়িতে হামলা ও লুটের অভিযোগ

পাবনা, ১৪ ফেব্রুয়ারি – পাবনা সদরের ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ খানের বিরুদ্ধে স্থানীয় জামায়াত নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে পাবনা সদর থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ জমা দেন ভুক্তভোগী মো. জাহিদ হাসান মুসা। এর আগে শুক্রবার বিকেলে ভাঁড়ারা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ খান ও তার সহযোগী আলমের নেতৃত্বে একটি দল ভুক্তভোগীর বাড়িতে হানা দেয়। তারা নারী সদস্যদের অশালীন ভাষায় গালিগালাজ করে এবং হামলা ও লুটপাট চালায়। ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা বাড়িতে থাকা টিভি, ফ্রিজ, আলমারি ও মোটরসাইকেলসহ আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করেছে।
এ সময় মাছ বিক্রির আনুমানিক ৮ লাখ টাকা ও ৫৫ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার লুট করে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া পার্শ্ববর্তী ইয়াসিন আলীর বাড়িতেও একই কায়দায় হামলা ও ভাঙচুর চালানো হয়। ভুক্তভোগী জাহিদ হাসান মুসা অভিযোগ করে বলেন, দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করায় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে আমাদের বাড়িতে এই হামলা চালানো হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান সুলতান মাহমুদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আমাকে ষড়যন্ত্র করে এ ঘটনায় ফাঁসানো হচ্ছে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএএস/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬









