জাতীয়

নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে সরকার ও বিএনপিকে কার্যকর ভূমিকা নিতে হবে: গাজী আতাউর

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত নির্বাচনের শেষে সহিংসতা কোনোভাবেই কাম্য ছিল না। দীর্ঘ সংগ্রামের মাধ্যমে অর্জিত এই নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে চলমান সহিংসতা পুরনো রাজনীতিরই নামান্তর।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

গাজী আতাউর রহমান বলেন, একটি সুন্দর নির্বাচনের পর সৃষ্ট সহিংস পরিস্থিতি অনাকাঙ্ক্ষিত। এই অস্থিতিশীলতা রোধে সরকার ও নির্বাচনে বিজয়ী দলকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি সতর্ক করে বলেন, নতুন সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে নিষ্ক্রিয় থাকলে চলবে না এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সজাগ থাকতে হবে। অন্যথায়, শান্তিপূর্ণ নির্বাচনের অর্জন পরবর্তী সহিংসতায় ম্লান হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনে বিএনপি জয়ী হয়েছে এবং বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দায়িত্ব এখন তাদের কাঁধে। নির্বাচন পরবর্তী সহিংসতা দমনে ব্যর্থ হলে তা শুরুতেই বড় ভুল হিসেবে গণ্য হবে এবং জনগণের আস্থা সংকটে পড়বে। তাই অবিলম্বে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার জন্য তিনি বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান।

এনএন/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language