ঢাকা-৮: মির্জা আব্বাসের জয় নিশ্চিত, ভোট পুনর্গণনার সুযোগ নেই – ইসি

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগের বিদায়ের প্রেক্ষাপটে প্রায় দেড় বছর নির্বাচিত সরকার ছাড়া চলার পর অবশেষে দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ব্যবধানে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এর মাধ্যমে দীর্ঘ ২০ বছর পর দলটি সরকার গঠন করতে যাচ্ছে।
তবে নির্বাচনের ফলাফলকে স্বাগত জানায়নি জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। কিছু আসনের ভোট গণনায় অনিয়ম ও কারচুপির অভিযোগ করেছে জোটের দলগুলো। এর মধ্যে সবচেয়ে বেশি উত্তেজনা তৈরি হয়েছে ঢাকা-৮ আসনে। ভোট শেষ হতেই এই আসনের গণনা নিয়ে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। উভয় প্রার্থীই রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করে পাল্টাপাল্টি অভিযোগ জানান।
শেষ পর্যন্ত বেসরকারিভাবে মির্জা আব্বাসকে জয়ী ঘোষণা করা হয়। পরে মাঝরাতে সংবাদ সম্মেলনে এনসিপি ভোট পুনর্গণনার দাবি তোলে।
ঢাকা-৮ আসনের ভোট পুনর্গণনা হবে কি না, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদকে জিজ্ঞাসা করা হয়। তিনি বলেন, ভোট পুনর্গণনার কোনো সুযোগ নেই।
ঢাকা-৮ আসনের ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ৪৯৮০ ভোটে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫৬ হাজার ৫৫২ ভোট। আর পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট।
মূল অভিযোগের কেন্দ্রবিন্দু ছিল বাতিল ভোট। এই আসনে ২৪৯৭টি ভোট বাতিল করা হয়েছে। জানা গেছে, ব্যালট পেপারের বাম কোণায় ধানের শীষ প্রতীকের বক্স ছিল। বক্সের পাশে ফাঁকা জায়গায় অনেক সিল পড়েছে, যা বিতর্কের কারণ হয়ে দাঁড়ায়।
এনএন/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬









