জাতীয়

পঞ্চগড়ে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ সারজিস আলমের

পঞ্চগড়, ১৩ ফেব্রুয়ারি – পঞ্চগড়-১ আসনে ৩০টির বেশি জায়গায় এনসিপির নেতাকর্মী, তাদের বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অভিযোগ করেন।

স্ট্যাটাসে সারজিস আলম উল্লেখ করেন, এখন পর্যন্ত পঞ্চগড়-১ আসনে বহু স্থানে বিএনপির নেতাকর্মীরা তাদের সমর্থকদের ওপর চড়াও হয়েছে। বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার পাশাপাশি হুমকি দেওয়া হচ্ছে, যার ফলে অনেকে পালিয়ে থাকতে বাধ্য হচ্ছেন।

বিএনপি এখনো পুরোনো কায়দায় প্রতিহিংসার রাজনীতি করতে চায় কি না, সে বিষয়ে দলটিকে স্পষ্ট অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আমরা নোংরা রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করে নতুন ধারার রাজনীতি করতে এসেছি। যারা অতি উৎসাহী হয়ে এসব করছেন, তাদের সংশোধন হওয়ার আহ্বান জানাচ্ছি। মনে রাখবেন, ক্ষমতা চিরস্থায়ী নয় এবং এক মাঘে শীত যায় না।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে, সারজিস আলম শাপলা কলি প্রতীকে ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট পেয়ে পরাজিত হন।

এনএন/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language