ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি জোট প্রার্থীকে হারিয়ে রুমিন ফারহানার জয়

ব্রাহ্মণবাড়িয়া-২, ১৩ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ নিয়ে গঠিত এই আসনে তিনি বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে ৩৮ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
নির্বাচনে ‘হাঁস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে রুমিন ফারহানা মোট ১ লাখ ১৮ হাজার ৫৪৭টি ভোট অর্জন করেছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুনায়েদ আল হাবীব ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে পেয়েছেন ৮০ হাজার ৪৩৪টি ভোট।
রুমিন ফারহানার এই সাফল্যের পর তাকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডেপুটি চিফ অর্গানাইজার ডা. মাহমুদা আলম মিতু।
শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি রুমিন ফারহানাকে একাই বীরের মতো জিতে আসার জন্য শুভেচ্ছা জানান। মিতু তার পোস্টে উল্লেখ করেন যে, রুমিন ফারহানার এই অদম্য সাহস ও লড়াই তার জন্য এক বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
এস এম/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬









