ভোটের মাধ্যমে আগামী ৫ বছরের জন্য দেশের দায়িত্ব বিএনপিকে দিয়েছে জনগণ

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – ভোটের মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য দেশের দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা শেষ হওয়ার পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন।
নজরুল ইসলাম বলেন, আমরা গত রাত থেকেই ফলাফল শুনছি। আমাদের সহকর্মীরা সারারাত এখানে ছিলেন। এতে আমরা জানতে পেরেছি দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে বিএনপি জয় পেয়েছে। বিএনপির সঙ্গে জোটে থাকা অনেক প্রার্থীও জিতেছেন। তাই আমরা মনে করি এর মাধ্যমে আগামী পাঁচ বছর বাংলাদেশের কল্যাণের দায়িত্ব জনগণ বিএনপি এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ওপর দিয়েছেন।
নির্বাচনের পরিবেশ নিয়ে শতভাগ সন্তুষ্ট কিনা জানতে চাইলে তিনি বলেন, আগের অনেক নির্বাচনে বহু প্রাণহানি হয়েছে বা মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় সম্পদেরও অনেক ক্ষতি হয়েছে। এবার আল্লাহর রহমতে তেমন কিছু হয়নি, যা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তবে দীর্ঘদিন ভোট না দেওয়ার কারণে জনগণের মধ্যে যে ভোট না দেওয়ার একটা অভ্যাস তৈরি হয়েছিল, সেটা পুরোপুরি আমরা ফিরিয়ে আনতে পারিনি। আমরা আশা করি সামনে জনগণকে ভোটের ব্যাপারে আরও আগ্রহী করতে পারব, যাতে সবাই ভোটকেন্দ্রে আসে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে নিজেদের অধিকার ব্যবহার করে।
আপিল বিভাগের আদেশে চট্টগ্রামের দুটি আসনের ফলাফল ঘোষণা না হওয়ার বিষয়ে তিনি বলেন, আদালত যখন সিদ্ধান্ত দেবেন তখন নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবে। আর এই দু-তিনজন বাদ গেলেও বিএনপির সরকার গঠনে কোনো সমস্যা নেই।
বিএনপির প্রত্যাশা কেমন ছিল জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, আমরা ২৯২টি আসনে প্রার্থী দিয়েছিলাম। আমাদের ধারণা ছিল সব প্রার্থীই জিতবে। সবাই এমনটাই মনে করে। এমনকি যারা কম ভোট পান তারাও জয়ের আশা নিয়েই নির্বাচনে অংশ নেন। ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমাদের ফলাফল আরও ভালো হবে।
এনএন/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬









