ঢাকা-১১ আসনে ২ হাজার ভোটের ব্যবধানে জয়ী এনসিপির নাহিদ ইসলাম

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – ঢাকা-১১ সংসদীয় আসনের প্রাথমিক ফলাফলে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাহিদ ইসলাম। শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করে তিনি মোট ৯৩ হাজার ৮৭২ ভোট পেয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম। ধানের শীষ প্রতীকের এই প্রার্থী পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট। অর্থাৎ বিজয়ী প্রার্থীর সঙ্গে তাঁর ভোটের ব্যবধান ২ হাজার ৩৯।
শুক্রবার সকাল পৌনে সাতটার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।
ঢাকা-১১ আসনে পোস্টাল ভোটসহ মোট ১৬৩টি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৭৫ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ লাখ ৯৬ হাজার ৩৭০ জন। গণনার সময় ৩ হাজার ৫১৭টি ভোট বাতিল বলে গণ্য হয়েছে। ফলে বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ৮৫৩টিতে এবং ভোট পড়ার হার ৪৫ শতাংশ।
এই আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ ফজলে বারী মাসউদ হাতপাখা প্রতীকে ৪ হাজার ৩৭৫ ভোট পেয়েছেন।
এছাড়া লাঙল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ ১ হাজার ৪৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী কহিনূর আক্তর ফুটবল প্রতীক নিয়ে ৭৯৪ ভোট নিশ্চিত করেছেন।
এনএন/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬









